এল ক্লাসিকোর আগে বার্সার নতুন রেকর্ড

গোল করার পর লামিন ইয়ামাল
গোল করার পর লামিন ইয়ামাল | ছবি: সংগৃহীত
0

আরও একবার রেকর্ডবুকে নিজেদের নাম তুললো বার্সেলোনা। চলতি মৌসুমে টানা নবম লিগ ম্যাচ জিতে স্প্যানিশ ফুটবলে ৫৮ বছর আগের এক কীর্তিতে ভাগ বসিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলের জয়ে পরের সপ্তাহে এল ক্লাসিকোর জন্য ড্রেস রিহার্সেলও সেরে রেখেছে কাতালান জায়ান্টরা।

আরেকটা ম্যাচ। আরেকটা রেকর্ডগড়া রাত। সেইসঙ্গে বার্সেলোনার জানান দেয়া, স্প্যানিশ ফুটবলে রাজত্ব করতে চায় তারুণ্যনির্ভর দলটা।

লা লিগায় কদিন আগেই চতুর্থ রাউন্ডে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বেতিস। ঘরের মাঠে সেটাই বার্সা ম্যাচের জন্য অনুপ্রেরণা ছিলো ম্যানুয়েল পেলেগ্রিনির দলের। কিন্তু, সেটা গুড়িয়ে দিতে সময় নেয়নি বার্সা। ম্যাচের ১০ মিনিটেই ডেডলক ভাঙেন কাতালানদের নতুন সেনসেশন লামিন ইয়ামাল। তবে ম্যাচ থেকে তখনো ছিটকে যায়নি বেতিস। ২৭ মিনিটে ভ্যালেন্তিন গোমেজের গোল খেলায় আনে সমতা।

প্রথমার্ধ শেষের আগে গোল হয়েছে আরও দুটি। ৪১ মিনিটে নিজের বার্সেলোনা ক্যারিয়ারের প্রথম গোল পেয়ে যান রদ্রি। আর ৪৫ মিনিটে বেতিসের হয়ে লো সেলসো গোল পেলেও তা বাতিল হয় অফসাইডে। ২-১ গোলের লিডে টানেলে ফেরে বার্সা।

বিরতির পর গ্যাব্রিয়েল জেসুস আর এরিক গার্সিয়ার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। মাঝে এজ্জালজুলি বেতিসের হয়ে লক্ষ্যভেদ করলেও ব্যবধান কমেনি দুই দলের। দানি অলমোর ৮১ মিনিটের গোলে নিশ্চিত হয় কাতালানদের বড় জয়। ৫-২ ব্যবধানের এই জয়ের পর লা লিগা ইতিহাসে মাত্র ২য় দল হিসেবে শুরুর ৯ ম্যাচেই জিতলো বার্সেলোনা। এর আগে ১৯৬৮-৬৯ মৌসুমে এই কীর্তি ছিল রিয়াল মাদ্রিদের।

বার্সেলোনার সামনে এখন সুযোগ ১৯২৩-২৪ মৌসুমের টানা ১৩ জয়ের রেকর্ড স্পর্শ করার। সেজন্য তাদের জিততে হবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে। আর পরের সপ্তাহেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রেস্টিজিয়াস এল ক্লাসিকো।

জেআর