আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পরও রেকর্ডের খাতায় মেসি

গোল করার পর লিওনেল মেসির উদযাপন
গোল করার পর লিওনেল মেসির উদযাপন | ছবি: সোফাস্কোর
1

এমএলএসে লিওনেল মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ৩৯ বছরের মেসির এমন পারফর্ম্যান্সে তার দল ইন্টার মায়ামি উঠে এসেছে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে। সেই সঙ্গে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পরও তার নামের পাশে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি রেকর্ড।

বয়সটা ৩৯। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে যেখানে অধিকাংশ ফুটবলারই ক্লাব ফুটবলের মূল স্রোত থেকে দূরে সরে যান, সেখানে মাঠের সবুজ ক্যানভাসে নিয়মিত যাদু দেখাচ্ছেন লিওনেল মেসি।

আটলান্টার এই মাঠে মাস কয়েক আগেই জোড়া অ্যাসিস্টে ইংলিশদের হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন লিওনেল মেসি। এবার ক্লাব ফুটবলে একই মাঠে মেসি দেখালেন তার পায়ের যাদু। আটলান্টার বিপক্ষে করলেন জোড়া গোল, যার প্রথমটা আবার যেভাবে করলেন তাতে মেসিকে আপনি ভাবতেই পারেন ২২ বছরের এক তাগড়া যুবক।

দ্বিতীয় গোলটি এসেছে সুয়ারেজের পাস থেকে মেসির বাঁ পায়ের শটে। ম্যাচের শেষ দিকে আটলান্টা পেনাল্টি থেকে এক গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।

আরও পড়ুন: জয়ের রাতেই মাথায় চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ

এরইমধ্যে এমএলএস প্লে-অফ নিশ্চিত করা ইন্টার মায়ামি এই জয়ে ইষ্টার্ন কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকায় আছে দ্বিতীয় স্থানে। একই সঙ্গে রেকর্ডের খাতায় নতুন পাতা যোগ করেছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

প্রথম ফুটবলার হিসেবে এমএলএসে টানা তিন মৌসুমে ১৫টি করে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে চলতি মৌসুমে এমএলএসে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট করে সবার ওপরে এলএমটেন।

শুধু তাই নয় ইন্টার মায়ামির হয়ে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ গোল করে রেকর্ড গড়ার পাশাপাশি এমএলএস ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে ২৫ গোল করার মাইলফলক ছুঁয়েছেন মেসি। এমএলএসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ গোলে অবদানে নামটা লিওনেল মেসির।

বয়সের সীমানাকে বুড়ো আঙুল দেখিয়ে লিওলেন মেসি যেভাবে রেকর্ড গড়ে যাচ্ছেন তাতে তার ফুটবল ক্যারিয়ারের শেষ সীমানা কোথায় গিয়ে থামবে তা হয়তো এখনো অনুমান করা কঠিনই বটে।

এসএস