সাফেরসূচি নির্ধারণের পর থেকেই ভারতের খেলা, না খেলা নিয়ে গুঞ্জন দক্ষিণ এশিয়ার ফুটবলে। পরবর্তীতে জাপানে ভারতীয় ফুটবলের প্রধান কর্তা কল্যাণ চৌবের সঙ্গে সাফের বৈঠকে নিশ্চিত হয় ভারত আসছে। কিন্তু এরপরেই শুরু আরেক প্রশ্ন। ভারত ঠিক কোন দল পাঠাচ্ছে সাফে?
শেষ পর্যন্ত ভারতীয় দল নিয়ে কিছুটা আভাস মিলতে শুরু করেছে। যেমন বর্তমান রানারআপ মোহনবাগানের তিন তরুণ ফুটবলার অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট এবং প্রিয়াংশ দুবে স্কোয়াডে থাকছেন তা একপ্রকার নিশ্চিত।
দিনদুয়েক আগেই মোহনবাগান সুপারজায়ান্টসের ম্যানেজার অভিষেক ভট্টাচার্যের কথাতেই তা স্পষ্ট হয়ে উঠেছে। আইএসএল ম্যাচের আগে জানিয়েছেন, সাফের জন্য তাদের ছেড়ে দেয়া হচ্ছে। ২২ বছর বয়েসী স্ট্রাইকার মোহাম্মদ সানান আসছেন, তাও নিশ্চিত।
আর এই চার নামেই নিশ্চিত হয়ে গেছে, অনূর্ধ্ব-২৩ দলকেই ঢাকায় পাঠাচ্ছে ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফ। তবে, গোলবারের নিচে নিয়মিত অধিনায়ক গুরপ্রীত সিং সিন্ধুকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
দলের কোচ হিসেবে থাকছেন নওশাদ মুসা। বাকি সব ফুটবলারদের মতো তিনিও আইএসএলে ব্যস্ত। সবমিলিয়ে খুব সংক্ষিপ্ত এক ক্যাম্প করেই সাফে অংশ নেবে ভারত।
মূলত আইএসএলের ক্লাবগুলোর ম্যাচের কারণেই বড় ক্যাম্প করা হচ্ছে না ভারতের। অন্যদিকে ১৩ এবং ১৫ নভেম্বরে ভারত মূল জাতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সেটাও নিশ্চিত। সেই সফরে খালিদ জামিলের সেরা ২৩-এ যারা জায়গা পাচ্ছেন না, তাদেরকেও দেখা যাবে ঢাকার মাঠের সাফে।
সবকিছু ঠিক থাকলে নভেম্বরের ৪ তারিখই ঢাকায় আসবে ভারত ফুটবল দল। পরদিনই আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাফের বর্তমান শিরোপাধারীরা।





