বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী, সেরা ক্রিকেটার রিশাদ

হামজা চৌধুরী ও রিশাদ হাসান
হামজা চৌধুরী ও রিশাদ হাসান | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রিশাদ হোসেন। টেবিল টেনিসে দেশের প্রথম পদক এনে দেয়া খই খই মার্মা হয়েছেন বর্ষসেরা টেবিল টেনিস তারকা। প্রথমবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত দুই ক্রীড়াবিদ। যেখানে পপুলার চয়েজে ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন হামজা চৌধুরী।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজন অনুষ্ঠিত হলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। বাংলাদেশের অন্যতম বৃহৎ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলোয়াড়-কোচ-সংগঠকেরা। যেখানে পপুলার চয়েজে ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন হামজা চৌধুরী। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও গিয়েছে এ মিডফিল্ডারের কাছে। বর্ষসেরা কোচ হয়েছেন পিটার বাটলার আর বর্ষসেরা নারী ফুটবলার রিতুপর্ণা চাকমা।

ফুটবলের তারারা যখন দেশের বাইরে, তখন পোডিয়াম আলোকিত করেছেন ক্রিকেটের মুখেরা। বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রিশাদ হোসেন। দেশের বাইরে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় গেল বছর বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন, এবার সম্মাননা পেলেন দেশের মাটিতে। প্রথম সম্মাননার পর তৃপ্ত এই ক্রিকেটার।

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় দলে স্পিনার রিশাদ হোসেন বলেন, ‘প্রথমে তো আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো অ্যাওয়ার্ড পেয়েছি। ইনশাল্লাহ চেষ্টা করবো এটা ধরে রাখার। আসলে ওরকম কোনো কিছু করা হয় না, জাস্ট নিজের সঙ্গে চেষ্টা করি যে কীভাবে নিজেকে প্রতিদিন ১ শতাংশ করে ইম্প্রুভ করা যায় এবং দেশকে ভালো কিছু দেওয়া যায়, এতটুকুই।’

দেশের ইতিহাসে প্রথমবার টেবিল টেনিসে পদক এনে দেয়া খই খই মার্মা পেয়েছেন বর্ষসেরা টেবিল টেনিস তারকার খেতাব। আর খেলোয়াড় তৈরির কারিগর হিসেবে বর্ষসেরা তৃণমূল কোচের স্বীকৃতি পেয়েছেন আলমগীর কবির।

টেবিল টেনিস খেলোয়ারড় খই খই মারমা বলেন, ‘খুবই ভালো লাগছে। এ অ্যাওয়ার্ডটা আমাকে সামনে আরও এগোনোর জন্য উৎসাহিত করবে এবং দেশকে আরও ভালো কোনো অর্জন এনে দেয়ার জন্য আরও উৎসাহিত করবে।’

বিসিবির পেস বোলিং কোচ আলমগীর কবির বলেন, ‘ফার্স্ট টাইম আমি এ উপহার পেয়েছি এবং আমাকে স্বীকৃতি দিয়েছেন। এরকম স্বীকৃতি শুধু আমাকে না, আরও যারা তৃণমূল পর্যায়ে কাজ করে, তাদেরকেও যদি খুঁজে পেয়ে আরও যদি এরকম, তাদেরকেও যদি উৎসাহিত করে, আমার বিশ্বাস যে বাংলাদেশের যে কোনো ইভেন্ট এভাবে প্লেয়ার আরও উপহার দিতে সক্ষম হবে।’

অনুষ্ঠানের বড় আকর্ষণ হিসেবে হাজির হয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি। হামজা-শোমিতদের কোচ দায়িত্ব নিয়েই প্রথমবার হাজির হয়ে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা।

জেআর