বিশ্বকাপে ড্রয়ের মহড়া চলছেই; ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও আসলো না ফল

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

ফিফা বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচগুলোতে যেন চলছে সমতার মহড়া। টানা চারটি ম্যাচে ড্র দেখলো ফুটবল বিশ্ব। এবার গ্রুপ ‘জি’-এর ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও শেষ হলো ২-২ এর সমতায়।

এ ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে নিউজিল্যান্ড, যার ফলও পায় ম্যাচের সপ্তম মিনিটেই। এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় কিউইরা।

গোল হজমের পর ইরান ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং বলের দখল বাড়াতে থাকে। একের পর এক আক্রমণ করতে থাকে প্রতিপক্ষের শিবিরে। এর ফলস্বরূপ ম্যাচের ৩২তম মিনিটে আসে তাদের প্রথম গোল। রামিন রেজাইয়ানের এ গোলে সমতায় ফেরে ইরান।

এরপর দুই দলই আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ১-১ এর সমতা নিয়েই দু’দল বিরতিতে যায়।

আরও পড়ুন:

পরে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে এলিজা জাস্টের আরও একটি লক্ষ্যভেদে এগিয়ে যায় কিউইরা। তবে এ লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা।

১০ মিনিট পর ম্যাচের ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে আবারও সমতায় ফেরে ইরান। শেষদিকে আরও কয়েকটি চেষ্টা হলেও শেষ পর্যন্ত সেগুলো সফলতার মুখ দেখেনি। এতে ম্যাচটি শেষ হয় ২-২ এর সমতায়।

এই গ্রুপের আরেক ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করেছে বেলজিয়াম ও মিশর।

এসএইচ