বিশ্বকাপে বুদ হয়ে আছে ফুটবল ভক্তরা। স্বাগতিক দেশগুলোতে সাজ সাজ রব। মাঠের বাইরেও চলছে ফুটবলের উত্তাপ। আর সেই উন্মাদনার রঙে রঙিন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি।
গতকাল (সোমবার, ১৫ জুন) সন্ধ্যায় শহরের দক্ষিণাঞ্চলের একটি পার্ক যেন পরিণত হয়েছিল ছোট্ট এক আর্জেন্টিনায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকরা দলীয় পতাকা হাতে, গানে-নাচে আর স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা।
অনেকের গায়েই ছিল লিওনেল মেসির বিখ্যাত নীল-সাদা ১০ নম্বর জার্সি। সূর্যাস্তের আলোয় হাজারো কণ্ঠে ভেসে আসে আর্জেন্টিনার সমর্থনসূচক গান। বিশ্বকাপ শুরুর আগেই নিজেদের উপস্থিতি জানান দিলেন আলবিসেলেস্তে ভক্তরা।
আরও পড়ুন:
এবারের বিশ্বকাপে কানসাস সিটিকেই বেসক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা। আর শহরটির প্রথম বিশ্বকাপ ম্যাচেই অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে দলটিকে যেতে হবে ডালাসে। সেখানে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে মাঠে নামবে মেসির দল।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে মাঠের লড়াই এখনো শুরু হয়নি। কিন্তু গ্যালারির লড়াইয়ে যে আর্জেন্টিনা সমর্থকরা এরমধ্যেই নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন, কানসাস সিটির এই উৎসবই তার প্রমাণ।




