ফুটবল বিশ্বকাপের মহোৎসবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনের বেলা অনেকটাই চিরচেনা রূপ দেখা গেলেও, রাত হলেও বদলে যায় চিত্র। দিনে ক্যাম্পাসের আনাচে-কানাচে তেমন কোনো ফুটবলীয় আমেজ চোখে না পড়লেও, সূর্য ডুবলেই যেন খোলস পাল্টায় ঢাবি ক্যাম্পাস।
বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিলের মতো বড় দলগুলোর খেলা থাকলেই বদলে যায় টিএসসির রূপ। জায়ান্ট স্ক্রিনের সামনে তখন তিল ধারণের ঠাঁই থাকে না। অন্য সময়ে ঝিমিয়ে থাকা ক্যাম্পাস তখন ফুটবল উন্মাদনায় মেতে ওঠে, সৃষ্টি হয় এক অন্যরকম আবহের।
ঢাবির চিত্র যখন এমন, তখন পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কিছুটা ভিন্ন চিত্র। এখানে ফুটবল উন্মাদনা যেন কেবল খেলা দেখার সময়টুকুতে বন্দি নয়, বরং তা মিশে গেছে শিক্ষার্থীদের প্র্যাত্যহিক জীবনের সঙ্গে।
আরও পড়ুন:
ক্যাম্পাস জুড়ে সারাক্ষণই চলছে ফুটবল নিয়ে মাতামাতি। প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে ঘোরাফেরা-আড্ডা আর তর্কে জড়াচ্ছেন সমর্থকরা।
শুধু খেলা দেখাই নয়, এই ফুটবল উন্মাদনাকে পুঁজি করে অনেকে বনে গেছেন মৌসুমী উদ্যোক্তাও। ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীরা বিক্রি করছেন বিভিন্ন দলের জার্সি।
একপাশে খেলা শুরুর অপেক্ষায় থাকা ঢাবি ক্যাম্পাস, অন্যদিকে ফুটবলের রঙে রঙিন জগন্নাথ বিশ্ববিদ্যলয়। চিত্র ভিন্ন হলেও, ফুটবল যে শিক্ষার্থীদের এক সুতোয় বেঁধেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।




