ফ্রান্স ও নরওয়ের নক আউট পর্ব নিশ্চিত ছিল আগেই। দারুণ ফুটবল উপহার দেয়া দুই দলের মাঝে গ্রুপসেরা কারা হয়, সেটা দেখার অপেক্ষাতেই ছিল সবাই। এ লক্ষ্যে ফরাসীরা শক্তিশালী একাদশ নিয়ে নামলে উল্টোপথে হেঁটেছে নরওয়ে। হালান্ডসহ আগের ম্যাচের ১০ জনকে ছাড়াই খেলতে নামে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
ম্যাচের সপ্তম মিনিটে ওসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ২০তম মিনিটে আরেকটি গোলে লিড দ্বিগুণ করেন সদ্য ব্যালন ডি’অর জয়ী এই উইঙ্গার। নরওয়ে অবশ্য দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ২১ মিনিটে থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান ২-১ করে তারা।
পরের গল্পটা শুধুই ফ্রান্সের। ৩২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করেন তিনি। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্ট।
আরও পড়ুন:
বিরতির পর ম্যাচে ফেরার সুযোগ পেলেও ইয়র্গেন লারসেন পেনাল্টি মিস করলে আর ব্যবধান কমাতে পারেনি নরওয়ে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেজিরে দুয়ের গোলে ৪-১ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠেছে বর্তমান রানার্সআপরা।
‘আই’ গ্রুপে রানার্সআপ হওয়া নরওয়ে শেষ ৩২-এ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ‘ই’ গ্রুপের রানার্সআপ আইভরিকোস্টকে। ডালাসে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় এ ম্যাচটি শুরু হবে। ফ্রান্সের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।
গ্রুপের আরেক ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল সেনেগাল। কানাডার টরন্টো স্টেডিয়ামে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। দাপুটে এই জয়ে জোড়া গোল করেছেন পাপে থিয়াও। বাকি গোলগুলো এসেছে ইসমাইলা সার, হাবিব দিয়ারা এবং ইলিম্যান এনদিয়ায়ের পা থেকে।
এই জয়ে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে সেনেগাল। শেষ ৩২ নিশ্চিত করতে এখনো তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে।





