শিরোপার পথে আর মাত্র ৩ ধাপ: বোস্টনে ফ্রান্স-মরক্কো দ্বৈরথ দিয়ে শুরু শেষ আটের রোমাঞ্চ

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল সময়সূচি | ছবি: এখন টিভি
0

রোমাঞ্চ, নাটক আর চমকের পর বিশ্বকাপ এখন শেষ আটে। একদিকে অভিজ্ঞতার শক্তি, অন্যদিকে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফুটবলের সেরা আট দেশের যোদ্ধা।

বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শেষ ষোলোর লড়াই শেষে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন মাঠে নামবে ফুটবলের সেরা শক্তিগুলো। ফাইনালের পথে আর মাত্র তিনটি ধাপ।

শেষ ষোলোতে হয়েছে চমক, হয়েছে বিদায়। তিন আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিশ্বকাপ যাত্রা থেমেছে এই পর্বেই। বিদায় নিয়েছে প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়াও।

তবে শিরোপার দৌড়ে এখনো টিকে আছে আট দল। মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। এবার তাদের সামনে কোয়ার্টার ফাইনালের পরীক্ষা।

আরও পড়ুন:

প্রথম কোয়ার্টার ফাইনালেই থাকছে বড় লড়াই। দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সের সামনে আফ্রিকার ফুটবলের নতুন শক্তি মরক্কো। ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

পরের দিন লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। একদিকে পাসিং ফুটবলের ঐতিহ্য, অন্যদিকে গতিময় আক্রমণ দুই দলের লড়াইয়ে অপেক্ষা করছে দারুণ এক ম্যাচ।

১২ জুলাই মায়ামি স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। ইউরোপের দুই দলের এই লড়াইয়ে থাকবে সেমিফাইনালে ওঠার তীব্র প্রতিযোগিতা। একই দিনে কানসাস সিটি স্টেডিয়ামে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সামনে সুইজারল্যান্ড।

নকআউটের এই পর্যায়ে নেই ফিরে আসার সুযোগ। একটি ভুল, একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। কার হাতে উঠবে বিশ্বকাপের মুকুট, তার পথে এখন শুরু শেষ আটের মহারণ।

ইএ