বান্দরবানে ভ্রমণে নেই কোনো নিষেধাজ্ঞা: জেলা প্রশাসন

বান্দরবান ভ্রমণ নিয়ে বিজ্ঞপ্তি
বান্দরবান ভ্রমণ নিয়ে বিজ্ঞপ্তি | ছবি: এখন টিভি
0

বান্দরবানের কয়েকটি এলাকায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে বান্দরবান জেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান।

তিনি জানান, জনগণের বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবানের বিভিন্ন স্থানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাবিষয়ক একটি বিজ্ঞপ্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এটি ভুয়া ও ভিত্তিহীন।

জনসাধারণকে এ ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়।

গত রোববার বান্দরবান জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার ও আইন-শৃঙ্খলা শাখার সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেনের সই করা একটি গণবিজ্ঞপ্তি দেখা যায় ফেসবুকে। তাতে নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

এ ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনসাধারণ ও পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

জেআর