আজ (বুধবার, ২১ অক্টোবর ) বিকেলে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে এই কর্মসুচি দেয়া হয়েছে।
এর আগে গেল ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সংগঠন দুটি। তবে ১১ ঘণ্টা পর ওই দিনই ৩ দফা দাবি পূরণের আশ্বাসে ৪৮ ঘণ্টা সময়সীমা বেধে দিয়ে কর্মসূচি স্থগিত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একই দিন সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এরমধ্যেই দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে দ্বিতীয় দফায় ১৫ অক্টোবর একই কর্মসূচি পালন শুরু করে। তবে দুর্গাপূজার কারণে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল। একই দিন সাজেক পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন জেলা প্রশাসক। আজ ৫ দিনের সেই সময়সীমা শেষ হওয়ায় আবারও একই কর্মসূচি দিয়েছে পাহাড়ি সংগঠন দুটি।
বিবৃতিতে দুই সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানগুলোতেই রয়েছেন। তাদের সশস্ত্র গ্রুপের কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে সাজেকের মাচলঙ এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে।
শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে ঘরছাড়া করেছে। গ্রামবাসীদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়েছে। সাধারণ জুমচাষীরা ভয়ে জুমে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করার কাজে যেতে পারছেন না। সেনাবাহিনী লোকদেখানো অভিযান চালালেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।’
নেতারা বলেন, এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করতে তাদের ওই এলাকা থেকে সরিয়ে না নেয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে আগামীকাল থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বিবৃতিতে নেতারা সাজেকে ভ্রমণে থাকা পর্যটকদের আজকের মধ্যে সাজেক ত্যাগ করার অনুরোধ জানান।
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করেন নেতারা।
বিবৃতিতে নেতারা এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।





