Recent event

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

অভিযুক্ত নূরা
অভিযুক্ত নূরা | ছবি: সংগৃহীত
4

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে ধর্ষণের শিকার কিশোরীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। পুলিশ জানায় এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাত ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ।অপরদিকে, মূল অভিযুক্ত নূরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন।

তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোন বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়।

আরও পড়ুন:

ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ১৫ দিন পর বখাটে চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেতে ফেলে রাখে।

নিহতের স্বজনরা জানান, গত বুধবার ভুক্তভোগীর বাবা মেয়েকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচজন যুবক মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে আসে। আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সরিষা খেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

নরসিংদীর মাধবদীতে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও শিগগির গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এসএস