Recent event

একটি নিরপেক্ষ-মেধাভিত্তিক প্রশাসন জনগণকে উপহার দেবো: জনপ্রশাসন উপদেষ্টা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ | ছবি: এখন টিভি
0

গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী একটি দক্ষ-নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেবো।

আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এটাই তার প্রথম সফর।

এসময় মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন “আই হ্যাভ আ প্ল্যান”। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন, ঝাপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন। সেভাবেই কাজ আদায় করছেন। সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি বিশ্বে আন্তর্জাতিকভাবে দারুণ প্রশংসিত হয়েছে। আমরা আশা করি, সামনে বাংলাদেশের উজ্জল ভবিষ্যৎ।’

আরও পড়ুন:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে—প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেবো।’

তিনি আরও বলেন, ‘একটা উদার গণতান্ত্রিক এবং সমৃদ্ধ-জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়বো। আমরা সবাই মিলে একত্রে একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। যে ইশতিহার ও অঙ্গীকার করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব।’

লক্ষ্মীপুর সার্কিট হাউসে ‘গার্ড অব অনার’ শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপনসহ অনেকে।

এসএইচ