পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ঢাকা-পটুয়াখালী নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ আওলাদ-৭ এবং তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে ট্রলারের দুই শ্রমিক নিহত হয়েছেন।আজ (বুধবার, ২৫ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে এ ঘটনা ঘটে।

দুই শ্রমিক নিখোঁজ থাকার পর আজ বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. নাসির ফকির (৩৬), পিতা মো. আলী ফকির এবং নলুয়া গ্রামের রেজাউল হাওলাদার (৩৫), পিতা আজাদ হাওলাদার।

জানা গেছে, পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ঢাকা-পটুয়াখালী রুটের আওলাদ নামের একটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ঢাকাগামী তরমুজবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে তরমুজসহ ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন:

এসময় ট্রলারটিতে মোট ৬ জন ছিলেন। তাদের মধ্যে ৩ জন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা ৩ জনের মধ্যে একজন বের হতে সক্ষম হলেও বাকি দুইজন বের হতে না পেরে ট্রলারের ভেতরেই আটকা পড়েন। পরে তারা নিখোঁজ হন এবং পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়ে আজ বিকালে তাদের মরদেহ উদ্ধার করে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘রাতের বেলায় আওলাদ ৭ লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু সময় আগে সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

এএইচ