ফরিদপুরে দুই হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি ১৪ শিশু

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় | ছবি: এখন টিভি
0

ফরিদপুরে দুইটি হাসপাতালে গত কয়েকদিনে ১৪ শিশুকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ (সোমবার, ৩০ মার্চ) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য জানান। তবে জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর রেকর্ড নেই বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, দেশে এখন শিশুদের মাঝে হামে আক্রান্ত হওয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই দু’একজন করে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্ত শিশুদের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলেই বোঝা যাবে, তারা হাম আক্রান্ত কি না। জেলার স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সতর্ক রয়েছে।

ফরিদপুরের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুরে দু’টি হাসপাতালে সোমবার পর্যন্ত মোট ১৪ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে। এদের মধ্যে ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৬ জনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ হাম-রুবেলাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা প্রদান করে। সরকারি হিসাব অনুযায়ী, ৯৫ ভাগ শিশুকে এ টিকা দেয়া হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে এটি ৮৪ পারসেন্ট বলা হয়েছে। এ ১৬ পারসেন্ট শিশু বাদ পড়ছে, যাদের হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।’

তিনি জানান, প্রতি বছর সরকার শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে নরমাল ভ্যাকসিন দিয়ে আসলেও গত ৬ থেকে ৭ বছর যাবৎ কোনো ক্যাম্প হচ্ছে না। বাদ পড়া শিশুদের জন্য ক্যাম্পিং করে টিকা দেয়া হলে একটি প্রতিরোধী ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এ চিকিৎসক আশ্বস্ত করে বলেন, ‘এ বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, হামের লক্ষণ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। অথবা নিকটবর্তী কোনো হাসপাতালে ভর্তি করতে হবে।’

এসএইচ