নারায়ণগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদনে ২ লাখ টাকা জরিমানা

র‍্যাবের অভিযানে আটক তেল
র‍্যাবের অভিযানে আটক তেল | ছবি: এখন টিভি
3

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও র‍্যাব। আজ (বুধবার, ৮ এপ্রিল ) উপজেলার কাচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেয়াজ ফুড প্রডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন করে বাজারজাত করে আসছিলো। এসময় কারখানায় প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন

র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান বলেন, ‘অবৈধভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া আক্তার জানান, প্রতিষ্ঠান থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় ভেজাল প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএ