নেত্রকোণায় ৬০০ বোতল ফেয়ারডিলসহ আটক ২

ফেয়ারডিলসহ আটক ২
ফেয়ারডিলসহ আটক ২ | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার দুর্গাপুরে ৬শ বোতল ভারতীয় ফেনসিডিল সদৃশ মাদক ফেয়ারডিলসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার, ১৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

এর আগে ভোরে পৌর শহরের বুরুঙ্গা ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুজনকে আটক করে পুলিশ। তারা হলেন— দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।

পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদককারবারি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা চারটি বস্তা থেকে মোট ৬শ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

আরও পড়ুন:

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হয়েছি যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে একটি বড় চক্র জড়িত রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সীমান্তবর্তী এই এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

এএইচ