ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ ইউটার্ন বন্ধে সওজের দেয়াল নির্মাণ

এখন টিভিতে প্রতিবেদন প্রকাশ

অবৈধ ইউটার্ন বন্ধে সওজের দেয়াল
অবৈধ ইউটার্ন বন্ধে সওজের দেয়াল | ছবি: এখন টিভি
1

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঝুঁকিপূর্ণ অবৈধ ইউটার্ন ও সংযোগ সড়ক বন্ধ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ (রোববার, ১৯ এপ্রিল) ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে হোটেলের সামনে মৃত্যুফাঁদ!’ শিরোনামে এখন টেলিভিশন এ প্রতিবেদন প্রচারিত হয়।

এরপর বিকেলে সওজের কুমিল্লা উপ-বিভাগীয় প্রকৌশলীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে হোটেল নূর মহলের সামনে থাকা অবৈধ ইউটার্ন এবং মিয়ামি লেইজার রিসোর্টের সামনের সংযোগ সড়কটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।

এ সময় উভয় পাশে দেয়াল নির্মাণের মাধ্যমে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। যাতে ভবিষ্যতে কোনো যানবাহন এসব পথে প্রবেশ করতে না পারে।

সওজ সূত্র জানায়, মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তৈরি ইউটার্ন ও সংযোগ সড়ক ব্যবহার করে উল্টো পথে যান চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের কাছে এসব স্থান ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সবশেষ গেল কয়েকদিন আগে মিয়ামি লেইজার রিসোর্টে খাওয়া দাওয়া শেষে সংযোগ সড়কটি ব্যবহার করতে গিয়ে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ ৫ জনের প্রাণহানি ঘটে।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এখন টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনটি আমাদের নজরে আসে। এর পরপরই আমরা হোটেল নূরমহল সামনে অবৈধ ইউটার্ন বন্ধ এবং মিয়ামি লেইজার রিসোর্টের সামনের সংযোগ সড়কে স্থায়ীভাবে দেয়াল নির্মাণ করে দিয়েছি। যাতে উল্টো পথে এসে কোনো যানবাহন চলাচল করতে না পারে।’

তিনি বলেন, ‘ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। এখানে কোনো ধরনের অবৈধ ইউটার্ন বা অনিয়ন্ত্রিত সংযোগ সড়ক থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের সুবিধার্থে নিয়মবহির্ভূতভাবে এসব প্রবেশপথ তৈরি করেছে। যা সরাসরি সড়ক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এসব স্থানে হঠাৎ যানবাহনের প্রবেশ ও উল্টো পথে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’

তিনি আরও বলেন, জননিরাপত্তার কথা বিবেচনা করে এসব অবৈধ ইউটার্ন ও সংযোগ সড়ক স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় এ ধরনের অবৈধ প্রবেশপথ তৈরি করতে না পারে, সেজন্য স্থায়ী দেয়াল নির্মাণ করা হয়েছে।’

সড়ককে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এ ধরনের অভিযানের পাশাপাশি মহাসড়কের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এএইচ