বরগুনায় ভাসমান নৌকায় ক্লাস; শিক্ষা তরীতে নতুন দিগন্ত

বরগুনায় ভাসমান স্কুল
বরগুনায় ভাসমান স্কুল | ছবি: এখন টিভি
0

বরগুনায় ভাসমান নৌকায় শুরু হয়েছে শিক্ষার্থীদের বিশেষ পাঠদান। ‘‌শিক্ষা তরী’ প্রকল্পের আওতায় ১৬টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ফ্রি ইংলিশ স্পোকেনসহ বিজ্ঞান ও গণিতের বিশেষ প্রশিক্ষণ। শিক্ষকদের প্রত্যাশা, প্রাকৃতিক পরিবেশে শিক্ষার এ নতুন মডেল উপকূলীয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।

নদীর কলতান আর ঢেউয়ের ছন্দে বরগুনার ভাড়ানি খালে এখন বইছে শিক্ষার নতুন হাওয়া। কোনো ইট-পাথরের চার দেয়াল নয়- বরং বিশাল নৌকার ভেতরে গড়ে তোলা হয়েছে আধুনিক ক্লাসরুম। নাম দেয়া হয়েছে ‘শিক্ষা তরী’।

এ বিশেষ উদ্যোগে বরগুনা পৌর শহরের ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হচ্ছে স্পোকেন, ইংলিশ, গণিত এবং বিজ্ঞান।

শিক্ষার্থীরা জানান, তারা এই স্কুলে সব কিছু হাত কলমে শিখতে পারছেন। এমনকি তাদের এখানে পড়াশোনা করে ভালোও লাগছে।

বরগুনার মতো উপকূলে যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে বড় হতে হয়, সেখানে শিক্ষা তরীর এ উদ্ভাবনী পাঠদান এক নতুন আশার আলো হয়ে উঠবে বলে দাবি শিক্ষকদের। পাঠ্যবইয়ে এমন অনেক কিছু আছে যা এ স্কুল হাতে কলমে শেখানো হচ্ছে বলে জানান শিক্ষকরা।

আরও পড়ুন:

প্রশিক্ষকরাও মনে করেন, উপকূলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাগজে কলমের বাইরেও গণিত ও বিজ্ঞান শিক্ষায় প্রয়োজন এমন বাস্তব শিক্ষা। শিক্ষার্থীরাও অনেকটা আনন্দের সঙ্গে এখানে গণিতও বিজ্ঞান শিখছে বলে জানান প্রশিক্ষকরা।

আয়োজকরা জানান, বর্তমানে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে বরগুনার সব শিক্ষার্থীর জন্য এ ‘শিক্ষা তরী’র দরজা খুলে দেয়া হবে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেল মোল্যা বলেন, ‘পিথাগোরাসের উপপাদ্য-ভগ্নাংশের খেলা এসব ভালোভাবেই এখানে তারা বুঝতে পারে।’

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিরিন আকতার বলেন, ‘প্রাকৃতিক পরিবেশে বাচ্চারা এখানে শিখতে পারছে এতে তাদের মেধা বিকাশে হচ্ছে ধারুনভাবে।’

মাত্র মুখস্থ বিদ্যা নয় বরং প্রাকৃতিক পরিবেশে আনন্দের মাধ্যমে শিক্ষার এই নতুন মডেল উপকূলীয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

জেআর