উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অভিযানে জব্দ ইয়াবা
অভিযানে জব্দ ইয়াবা | ছবি: সংগৃহীত
0

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় (র‌্যাব)-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৩ মে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সিপিসি-২, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন:

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি সিএনজি ও একটি সাদা রঙের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ২৫০টি এয়ারটাইট পলি প্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এফএস