নওগাঁয় চালককে মারধরের অভিযোগ; ৮ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

নওগাঁর বাস কাউন্টার
নওগাঁর বাস কাউন্টার | ছবি: এখন টিভি
0

নওগাঁয় বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ থাকা দূরপাল্লার বাস চলাচল আট ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকনেতা, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাস চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ ছিলো।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির ড্রাইভার যাত্রী নেমে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করে।

পরে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁ-বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন:

নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্রমিকদের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি যে দলেরই হোন না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

প্রশাসনের পক্ষ থেকে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেয়া হয়েছে।

এসএস