বরগুনায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

উদ্ধারকার্য চালিয়েছে ফায়ার সার্ভিস
উদ্ধারকার্য চালিয়েছে ফায়ার সার্ভিস | ছবি: এখন টিভি
0

বরগুনার আমতলীতে একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকাল ১০টার দিকে আমতলী এ.কে স্কুলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন—উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের জাফর (৫৫) এবং হলদিয়া গ্রামের জাহিদ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে আমতলী এ.কে স্কুলের একটি পুরোনো সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন ওই দুই শ্রমিক। ট্যাংকটির মুখ দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে তৈরি হওয়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা দুজনই ভেতরে অচেতন হয়ে পড়েন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

আরও পড়ুন:

খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেপটিক ট্যাংকের একাংশ ভেঙে অচেতন অবস্থায় ওই দুই শ্রমিককে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এনএইচ