আজ (বুধবার, ১০ জুন) বেলা ১১টায় শহরের খানপুর এলাকায় অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ।
মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের রোগীদের দ্রুত ও নিরাপদে সরিয়ে নেয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অংশ নেন।
এ সময় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়। পাশাপাশি হাসপাতালের বাইরে একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করে উদ্ধারকৃত রোগীদের প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনার কার্যক্রম প্রদর্শন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি প্রশিক্ষিত ফায়ার ভলান্টিয়াররাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল বাশার, সদর মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ শাহজাহান মিয়া এবং হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ নুরুল আলম।
আরও পড়ুন:
মহড়া শেষে উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের ৫০০ প্রশিক্ষিত ভলান্টিয়ার রয়েছে, যারা নিয়মিত উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং বিভিন্ন দুর্ঘটনায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।’
তিনি বলেন, ‘আগুন লাগার ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।’
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল বাশার বলেন, ‘হাসপাতালে অক্সিজেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম থাকায় অগ্নি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি এ ধরনের মহড়া আয়োজনের জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান। তার মতে, এ প্রশিক্ষণ হাসপাতালের কর্মীদের দক্ষতা ও সচেতনতা বাড়াবে এবং যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।




