দায়িত্ব গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘আমি এই অঞ্চলেরই সন্তান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অ্যাকাডেমিক পরিবেশের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।’
নবনিযুক্ত উপাচার্যের যোগদানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলোর সমাধান হবে এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন গতি ফিরে আসবে।





