ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাফিসা (১৬) নামে আরও এক কিশোরী নিখোঁজ রয়েছে। আজ (শুক্রবার, ২৬ জুন) দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক।

নিহত নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। এছাড়াও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে নাফিসা(১৬) এখনো নিখোঁজ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে পরিবারের সদস্য মিলে বাসার পাশের টাঙ্গন নদীতে গোসল করতে যান শিশু নাঈম ও কিশোরী নাফিসা। এসময় পানির স্রোত বেশি হওয়ায় তারা পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এসময় নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও পানিতে তলিয়া যাওয়া আরও একজনকে উদ্ধার কার্যক্রম চলছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, ‘এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই কিশোরীরকে উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

জেআর