চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই, আহত এক

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (রোববার, ২৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। আহত মোহাম্মদ শাহেদ (২৪) বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাহবুব। তার পেছনে বসেছিলেন রাসেল ও শাহেদ। গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা-পেকুয়া সড়কে ওঠার সময় পেকুয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুব নিহত হন এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। আহত শাহেদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রাসেল মারা যান।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ