ঠাকুরগাঁওয়ে বন বিভাগের ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার

সংরক্ষিত বনভূমি উদ্ধার
সংরক্ষিত বনভূমি উদ্ধার | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ দখলমুক্ত করে বন বিভাগের প্রায় ৮৪ একর সরকারি সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়া মৌজায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বাঁশগাড়া মৌজার মোট ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখলের চেষ্টা চলছিল। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে জমিটি উদ্ধার করে পুনরায় বন বিভাগের দখলে নেয়া হয়।

উদ্ধার হওয়া জমিতে বেশ কয়েকটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে এটি সরকারি সম্পত্তি এবং গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি।

অভিযান চলাকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, বন বিভাগের কর্মকর্তা মহসিন আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি দখল ও অবৈধ ব্যবহার রোধে প্রশাসন কাজ করছে। বনভূমি সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপও জোরদার করা হচ্ছে।’

বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী বলেন, ‘সংরক্ষিত বনভূমি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বনভূমি দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আজ বাঁশগাড়া মৌজায় বন বিভাগের প্রায় ৮৪ একর জমি উদ্ধার করে পুনরায় সরকারি দখলে নেয়া হয়েছে।’

সরকারি বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান, নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এসএস