পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা

সাজেক পর্যটন সড়ক
সাজেক পর্যটন সড়ক | ছবি: এখন টিভি
0

অনিবার্য কারণ দেখিয়ে আজ (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। একইসঙ্গে পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৫ টার মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দিয়েছেন।

আজ (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘জরুরি গণবিজ্ঞপ্তি’ জারি করে এ নির্দেশনা দেয়া হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত: আজ ১১.১০.২০২৬ তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৬.০০ টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩,১০,২০২৬ তারিখ বিকাল ৫ টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।’

এদিকে রাঙামাটির সাজেক সড়কে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই সংগঠন ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনে’র ডাকে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি দেয়। এতে সড়কটিতে দীঘিনালার জোড়াব্রিজ থেকে সাজেক ভ্যালি পর্যন্ত সড়কের গঙ্গারাম বাজার, রেতকাবা মুখ, দোপাতাছড়া, উজোবাজারসহ সড়কের বিভিন্ন জায়গায় গাছ ও টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে অবরোধকারীরা।

এ পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় খাগড়াছড়ি ও সাজেক থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে । এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ। এছাড়া সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েন সাড়ে ১২'শ পর্যটক।

পরে বেলা দুইটায় সেনা বহরে পাহারায় ছেড়ে আসা পর্যটকবাহী যানবাহন সাজেক প্রান্ত থেকে মাচালং ও খাগড়াছড়ি প্রান্ত থেকে উজোবাজার আসলে আন্দোলনকারীরা আটকে দেন। পরে প্রশাসন থেকে ৪ দফা দাবি মানার আশ্বাসে ১১ ঘণ্টা পর বিকাল ৫টায় অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

এরপরই পর্যটনকেন্দ্র সাজেক ভ্রমণ স্বাভাবিক হতে শুরু করে। দিনভর চলা উদ্বেগ উৎকণ্ঠা আর অনিশ্চয়তাও কেটে যায়। এরমধ্যেই নতুন করে রাঙামাটি জেলা প্রশাসন থেকে সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় আবারও অনিশ্চয়তায় পড়লো সাজেক ভ্রমণ।

পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেখানে যাত্রা না করার পরামর্শ দেয়া হয়েছে।

এএইচ