স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রোববার দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দে টর্নেডো আঘাত হানে। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট বড় ঘর উড়ে যায়। ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি দুমড়েমুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা বিরাজ করছে ।
বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বছর বয়সে জীবনে এমন টর্নেডো আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে। তার ঘরের টিন ও চালা উড়ে নিয়ে গেছে। রাতে অন্যের ঘরে থাকা ছাড়া উপায় নেই।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদের সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, ‘তিনি জেলা প্রশাসনের একটি সভায় ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন।’





