চট্টগ্রামের দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে হেফাজতে আছে
গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে হেফাজতে আছে | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের পটিয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) দুপুরে পটিয়ার কেলিশহর এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্র, ১২ টি ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করতে সমর্থ হয় পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ (শনিবার, ২৫ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিমের একটি দল অভিযান পরিচালনা করে। গোপনতথ্যের ভিত্তিতে প্রথমেই দুই অস্ত্রধারী মো. দেলোয়ার হোসেন ও মো. মহসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার হোসেনের ঘরের খাটের নিচ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল।’

জেআর