ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ভারতীয় গরুসহ চোরাইপণ্য উদ্ধার

চোরাইপণ্য উদ্ধার
চোরাইপণ্য উদ্ধার | ছবি : এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল (বুধবার, ৩০ জুলাই) সকাল ১০টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, মাদক ও পণ্য চোরাচালানসহ সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান চলছে।

আরও পড়ুন:

এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল ও খাড়েরা সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানগুলোতে ভারতীয় গরু, বাসমতি চাল, এনার্জি ড্রিংক, জিরা, মশার কয়েল, শাড়ি, স্কিন শাইন ক্রিম, অলিভ অয়েল, বেবি পাউডার, বিয়ার ও ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এফএস