পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ, জীবিত উদ্ধার ৩

নিখোঁজ শিশুকে উদ্ধার কার্যক্রম চলছে
নিখোঁজ শিশুকে উদ্ধার কার্যক্রম চলছে | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী ট্রলি পদ্মা নদীতে উল্টে চার শিশু নিখোঁজের ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আলিফ নামে আট বছরের এক শিশু। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আলিফ কষবা গ্রামের মন্সুর প্রামানিকের ছেলে। উদ্ধার হওয়া শিশুরা হলেন—ওমর ফারুক জনি (৯), আব্দুল আহাদ (১০) ও জিহাদ (১১)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, বালুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে চার শিশু উঠে পড়ে। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রলির পেছনের চাকা পিছলে পদ্মা নদীতে উল্টে যায়। এসময় চালক পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করলেও আলিফ পদ্মায় নিখোঁজ রয়ে যায়।

তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছেন। এছাড়াও খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হবে।’

এসএস