ফরিদপুরে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, নতুন হাসপাতালে ভর্তি ১১

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

ফরিদপুরে ডেঙ্গুর রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে সরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৩ জন। এর মধ্যে একজন নারী মারা গেছেন। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (শুক্রবার, ২১ আগস্ট) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া নারী নাসরিন সুলতানা (৩০) ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী। গত ১৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসরিনের স্বামী মিরাজ শেখ অভিযোগ করে বলেন, ‘গত রোববার জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করতে দেয়নি চিকিৎসক। পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।’

আরও পড়ুন:

মিরাজ শেখ বলেন, ‘আগেই যদি জানতে পারতাম আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে হয়তো আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত।’

এদিকে, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এফএস