মাদক মামলা জামিন অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হচ্ছে: দীপেন দেওয়ান

রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান
রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান | ছবি: এখন টিভি
0

মাদকের ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধকে জাতীয় সংসদ জামিন অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি মাদক মামলার আসামিদের জামিনের জন্য ব্যবস্থা না করতে আইনজীবীদের আহ্বান জানান।

আজ (সোমবার, ২৪ আগস্ট) দুপুরে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি উত্তর সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, ‘মাদকের সাপ্লাইয়ের টোটাল চেইন আমরা কেটে দেবো। মাদক ব্যবসায়ীরা দৌঁড়ের ওপর থাকবে। মাদকসেবীদের জন্য লাল দালান রেডি আছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে এ মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ প্রধান অতিথি ছিলেন; রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

আরও পড়ুন:

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশিং এর রাঙামাটি সভাপতি মামুনুর রশীদ, শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ‘শুধু অভিযান পরিচালনা করে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষায় মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।’

এর আগে দুপুরে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়। যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এফএস