সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয়, সিন্ডিকেটের কারসাজিতে সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ
কৃষি, মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ | ছবি: এখন টিভি
0

দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ রয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয়, একটি সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। যারা সংকট তৈরি করছে তাদেরকে পুলিশ তাদের বিষয়ে জানার চেষ্টা করছে।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আগামী তিন বছরের মধ্যে আমদানিমুখী মসলা চাষে স্বনির্ভর হবে। বর্ষা মৌসুমে সবজির দাম বাড়ে কারণ বর্ষায় কৃষকদের সবজি উৎপাদনে খরচ বাড়ে। সরকার চেষ্টা করছে বর্ষা মৌসুমে যেন সবজি উৎপাদনে কৃষকদের সারের দাম নাগালের মধ্যে রাখা।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘প্রতিবছর পেঁয়াজ আমদানি করতে হতো। এবছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয় নাই। আশা করি আগামীতেও আমদানি করতে হবে না, পেঁয়াজ রপ্তানি করতে পারবো। প্রতিবছর এক লাখ টন আদা আমদানি করি। চেষ্টা করছি দুই বছরের মধ্যে পেঁয়াজ মরিচ টমেটো আমদানি করতে হবে না। আগামী দিনে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য।’

কৃষিমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মানুষের ভালোবাসার জন্য কাজ করুন। মানুষের ভালোবাসার কোনো বিকল্প নেই। জনগণের কাছে ফিরে যেতেই হবে। মঞ্চে দাঁড়িয়ে বলি, আমরা জনগণের জন্য রাজনীতি করি। মুখের কথা অন্তরের কথা ও মাথার চিন্তা যেন এক হয়।’

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া।

এসএস