যুব সমাজকে সঠিক পথে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

চ্যাম্পিয়ন দলের ফটোসেশনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
চ্যাম্পিয়ন দলের ফটোসেশনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনালে ২-১ গোলে ত্রিশাল উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দল। ফাইনাল ঘিরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতে ফুটবলপ্রেমিরা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক থেকে সরিয়ে যুব সমাজকে সঠিক পথে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই।

এছাড়া বেশি বেশি এমন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে দেশের ফুটবল পুনরুজ্জীবিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে হাজারো ফুটবলপ্রেমির বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে প্রকম্পিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল ঘিরে বহুদিন পর এমন দৃশ্য দেখা যায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে।

জমজমাট ফাইনালে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ঈশ্বরগঞ্জ। এরই ধারাবাহিকতায় ম্যাচের মাত্র ৩ মিনিটেই ১১ নম্বর জার্সিধারী রাব্বুলের হেডে লিড নেয় তারা।

ম্যাচে ফিরতে মরিয়া ত্রিশাল ২৮ মিনিটে ১৫ নম্বর জার্সিধারী জাহাঙ্গীরের দুরপাল্লার শটে সমতায় ফেরে ত্রিশাল। গ্যালারিতে উল্লাসে মাতেন দর্শকরা। তবে সেই উচ্ছ্বাস খুব বেশি সময় স্থায়ী হয়নি। ৩৬ মিনিটে আবারও রাব্বুলের দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ঈশ্বরগঞ্জ।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে আরও জমে ওঠে ম্যাচ। গোলের জন্য মরিয়া দুই দলই একের পর এক আক্রমণ সাজালেও শেষ পর্যন্ত আর কেউ গোলের দেখা পায়নি। ফলে ২-১ গোলের জয় নিয়ে উল্লাসে মাতে ঈশ্বরগঞ্জ। ডিসি কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। সেখানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ডা. মাহবুবুর রহমান লিটন ও কামরুল হাসান মিলন, সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এনামুল হক আকন্দ লিটন ও জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলমসহ আরও অনেকে।

নকআউট ফরমেটে হওয়া এ টুর্নামেন্টে অংশ নেয় জেলার ১৪টি উপজেলার দল।

এসএইচ