লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে: কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সংকটের সময় লংমার্চের নামে বিপুল জ্বালানি তেল ব্যয় করা জাতীয় সম্পদের অপচয়। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি জনগণের ভোগান্তি সৃষ্টি করবে।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এ লংমার্চ কর্মসূচিটা অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে।’

তিনি বলেন, ‘লংমার্চের জন্য প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় হবে বলে হিসেব করা হচ্ছে। অথচ এটি এমন একটি সময়ে হচ্ছে, যখন দেশে জ্বালানি সংকট রয়েছে। প্রথমদিকে জ্বালানি সংকটের কারণে লংমার্চের কথা বলা হলেও পরবর্তীতে গণরায় বাস্তবায়নের বিষয়টি সামনে আনা হয়েছে।’

গণরায় প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। সে সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।’ এ জন্য সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে বিরোধীদলকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

দ্বিতীয় শপথ প্রসঙ্গে ইশরাক হোসেন জানান, এমপি হিসেবে সংবিধান ও আইন অনুযায়ী শপথ নেয়ার পর যে অতিরিক্ত শপথের কাগজ দেয়া হয়েছিল, সেটিকে তিনি অসাংবিধানিক ও অবৈধ বলে মনে করেন। তবে এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত থাকলেও তিনি নিজে সে বিতর্কে যেতে চান না বলে জানান।

তিনি আরও বলেন, ‘সরকার হিসেবে সফল বা ব্যর্থতার মূল্যায়নের পাশাপাশি গত ছয় মাসে বিরোধীদল হিসেবে তারা কতটুকু সফল হয়েছে, সেটিও জনগণের পর্যালোচনা করা উচিত।’

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন,জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী,খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন প্রমুখ।

এএইচ