ফরিদপুরে ডেঙ্গুতে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরুন নাহার বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া এ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন।

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) সকালে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

প্রেস নোটে বলা হয়, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার নামের এক নারীর মৃত্যু হয়।

নিহত নুরুন নাহার বেগম নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি সময়ে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মারা গেছেন দুই রোগী।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার বেগমের মৃত্যু হয়েছে।

এসময় ডা. মাহমুদুল হাসান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। জ্বর হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নেয়া জরুরি।

এদিকে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।’

এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ