মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন দুই টিওবি উদ্বোধন

বিজিবির টিওবি উদ্বোধন
বিজিবির টিওবি উদ্বোধন | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন দু’টি টিওবি উদ্বোধন করা হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত এসব টিওবি টেম্পোরারি অপারেশনাল বেস উদ্বোধন করা হয়।

আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকালে বিজিবির কক্সবাজার রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবি দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় তিনি টিওবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

আরও পড়ুন:

বিজিবি জানিয়েছে, নতুন দু’টি টিওবির মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা বাড়বে।

এছাড়া সীমান্তে যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোও সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম এবং কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস