সেতুতে রডের বদলে বাঁশ; সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান
প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান | ছবি: সংগৃহীত
0

সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা (চ.দা.) কাজী ফাত্তাউর রহমানকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কাজী ফাত্তাউর রহমানকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৭ সেপ্টেম্বর থেকেই তিনি ‘স্ট্যান্ড রিলিজ’ হয়েছেন বলে গণ্য হবেন।

আদেশে আরও বলা হয়, কাজী ফাত্তাউর রহমান নতুন কর্মস্থলে সবেতন চলতি দায়িত্ব পালন করবেন। রোয়াংছড়ি উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা প্রকৌশলী (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) যোগদান না করা পর্যন্ত তিনি আর্থিক ক্ষমতাসহ ওই পদে দায়িত্ব পালন করবেন।

এদিকে, দুর্নীতির অভিযোগ ওঠা একজন কর্মকর্তাকে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, অভিযোগের পর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে অন্য উপজেলায় দায়িত্ব দেওয়ার কারণ কী।

এএইচ