হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীও গুরুতর আহত হন।

আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চুনারুঘাট-সাতছড়ি সড়কের চাঁনপুর চা বাগানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মোহাদ্দিছ ও নয়ন একটি মোটরসাইকেলে করে পাইকপাড়া থেকে রামগঙ্গা পর্যটন এলাকার দিকে যাচ্ছিলেন। চাঁনপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। সংঘর্ষের ফলে ইজিবাইকটিও উল্টে যায়। এতে ইজিবাইকের দুই যাত্রীও গুরুতর আহত হন।

পরে স্থানীয় চা শ্রমিক ও পথচারীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়। দুর্ঘটনার কারণে কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিলো। সড়কের বাঁক বা সরু অংশে নিয়ন্ত্রণ হারানোর কারণে সংঘর্ষ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ