আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

একটি দলের সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এই বাক স্বাধীনতার নামে আমরা দেখেছি একটা পক্ষ-বিরোধী মহল, তারা বিভিন্ন অপপ্রচার-মিথ্যাচার করছে। দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে গুপ্তভাবে সহযোগিতা করছে, তারাই আবার বলছে দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য নাকি সরকার দায়ী।’

তিনি বলেন, ‘যারা বিরোধী দলে, ওই সংসদে বসে বলে যে আমরা তো আপনাদের পথেই হাঁটছি, আপনাদের সকল কাজে আমরা সমর্থন করছি। এই মানুষগুলো বাইরে এসেই তাদের ভিন্ন রূপ দেখায়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা ছিল, যে চরিত্র ছিল, সেই চরিত্র তারা সংসদের বাইরে এসে ফুটিয়ে তুলে। কারণ তারা মুখে বলে এক, তাদের অন্তরে আরেক। আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি সবাই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল পরিবেশ, ওই আওয়ামী দোসরদের সঙ্গে তারাও একত্রিত হয়ে দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে জনগণের ভেতরে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম প্রমুখ।


এফএস