দিনাজপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ধানক্ষেতে মরদেহ

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল ইসলাম (৪৩) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ৫ অক্টোবর) সকালে উপজেলার ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোকছেদুল ইসলাম চিরিরবন্দর উপজেলার চিরিবাসডাঙ্গা (কোম্পানি মোড়) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোকছেদুল রাতে ভ্যান চালাতেন। ধারণা করা হচ্ছে, রোববার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে যায়। পরে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশে শফিকুল ইসলামের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

চিরিরবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের গলায় গামছা ও লুঙ্গি পেঁচানো অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুন নবী জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ভ্যানটি ছিনতাই হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এএইচ