মৌলভীবাজারে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

মৌলভীবাজারে উচ্ছেদ অভিযান
মৌলভীবাজারে উচ্ছেদ অভিযান | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট সাতটি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে পৌরশহরে পরিচালিত মোবাইল কোর্টে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় তিনটি মামলা করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং পৌর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফএস