নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু তুলতে বাড়ি থেকে বের হন এমদাদুল।
বিরিশিরি ঘাট এলাকায় আসলে নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে ডুবে যায়। এ সময় এমদাদুলের মা রোকেয়া খাতুন সাঁতরে পাড়ে উঠলেও ছেলে এমদাদুল পানিতে তলিয়ে যান।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নৌকাটিতে মা ও ছেলে দুজনই ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





