পঞ্চগড়ে নারীদের হাতে গড়া পণ্যে জমজমাট ‘হাট বাবুই’

হাট বাবুই
হাট বাবুই | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ের প্রান্তিক নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে বসানো হয়েছে সাপ্তাহিক নারী উদ্যোক্তা হাট বাবুই। প্রতি সপ্তাহের শুক্রবার সরকারি অডিটোরিয়াম চত্বরে বসছে এই হাট। হাটে মিলছে হাতের তৈরি নানা জিনিসপত্র আর সুস্বাদু খাবার।

সপ্তাহের শুক্রবার। বিকেল গড়াতেই শহরের সরকারি অডিটোরিয়াম চত্বর বর্ণিল হয়ে ওঠে নারী উদ্যোক্তাদের পণ্য সামগ্রীতে। বাবুই পাখি যেমন নানা প্রতিকূলতা মোকাবিলা করে স্বপ্ন দেখে, তেমনি ছোট্ট পরিসরে আগামীর স্বপ্ন দেখা নারীদের নিয়ে যাত্রা শুরু হয়েছে বাবুই নামে নারী উদ্যোক্তা হাটের। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জেলার প্রান্তিক নারী উদ্যোক্তারা হস্তশিল্প, খাদ্য সামগ্রী, পোশাক, নকশি কাঁথা, প্রসাধনী, চিত্রকর্ম ও সৌখিন জিনিসপত্র বিক্রির পসরা সাজায়। বেলা গড়াতেই নারীদের এই হাটে জমে ওঠে বেচাকেনা।

দর্শনার্থীরা জানান, এই পঞ্চগড় ছোট্ট শহরে নারী উদ্যোক্তা যে এত পরিমাণে সুন্দর সুন্দর জিনিস হাতে তৈরি করতে পারে, এটা আসলে অকল্পনীয় ছিলো।

উদ্যোক্তাদের দাবি, এই হাটে তাদের হাতে তৈরি জিনিসপত্রের দাম একেবারেই হাতের নাগালে। পণ্যের ব্র্যান্ডিং করা ও সকল নারী উদ্যোক্তাদের এক প্লাটফর্মে এনে স্বপ্নের পথে এগিয়ে নিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন:

বাবুই নারী উদ্যোক্তা হাটের নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, ‘পঞ্চগড়ের প্রত্যেকজন নারীর হাতে তৈরি প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও পরবর্তীতে এক্সপোর্ট করতে পারি। এবং আমরা চেষ্টা করছি যে ছোট উদ্যোক্তা, ছোট পরিসরে যেহেতু একটা বড় মার্কেট এককভাবে পাচ্ছে না; তাই তারা যেন যৌথভাবে একটা বড় মার্কেট পায়, সেটার কনসেপ্ট নিয়ে কাজ করা।’

নারীদের এই অগ্রযাত্রায় সহযোগিতার হাত বাড়াতে আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, ‘প্রতিনিয়ত পণ্যের মান উন্নয়ন করা, প্রতিযোগিতার মধ্যে টিকে থাকা, প্রোডাক্ট কোয়ালিটির মাধ্যমে তারা এই কাজগুলো করবেন। আমরা তাদের সঙ্গে আছি।’

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘যেসব বোনেরা আমাদের সামাজিক, আর্থ-সামাজিক এবং আমাদের এই অঞ্চলের নারী সমাজকে এগিয়ে নিতে চান, আমি মনে করি এই নারী উদ্যোক্তা হাট এটা মাইলফলক হয়ে সামনের দিকে এগিয়ে যাবে।’

নারী উদ্যোক্তাদের সম্মিলিত এই হাটের মাধ্যমে নারীদের যত্নে তৈরি জিনিসপত্র বেচাকেনায় নতুন দিগন্তের সূচনার হবে। পাশাপাশি রচিত হবে এক একটি সংসারের সফলতার গল্প এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এফএস