আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) বিকেলে সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে এ অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা অবরোধ সফল করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং দুই জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
চলমান সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা সাজেক সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যে এ আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়, ‘রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আগামী ২৪ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।’
আরও বলা হয়, ‘শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলবে। অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।’





