পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল
দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল | ছবি: এখন টিভি
2

পাবনায় বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয়দের সহায়তায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলা গয়েশপুর এলাকার জালালপুর নতুন পাড়ার মোজাফফর ছেলে সেলিম (৪৫) ও নয়ন মিয়া (২০)।

স্থানীয় ও পুলিশ জানায়, জালালপুর থেকে গয়েশপুর যাওয়ার পথে একটি সরু রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও দু’জন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে এবং স্থানীদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।’

এফএস