Recent event

রাজশাহীতে ভোট দিতে দেরি হওয়ায় ভোটারদের ক্ষোভ প্রকাশ

রাজশাহীর একটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন
রাজশাহীর একটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেয়ার জন্য সকাল থেকেই রাজশাহীর ভোট কেন্দ্রগুলোতে আসতে থাকেন ভোটাররা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের সারির দৈর্ঘ্য। ফলে ভোটকেন্দ্রের সামনে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অনেক ভোটারই ক্ষোভ প্রকাশ করেন।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী-২ আসনে (রাজপাড়া ও বোয়ালিয়া) ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রায় সব কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির ফলে তৈরি হয়েছে লম্বা সারি।

তারা অভিযোগ করে বলেন, সকাল ৭টায় এসেছি, এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ভিতরে যারা ভোট নিচ্ছে তারা এত দেরি করছে কেন? আমরা চাই ভোট দিতে। যতদ্রুত ভোট দিতে পারবো, ততই ভালো হবে। দীর্ঘদিন পর ভোট দেয়ার যে অধিকার সেটা আর হারাতে চাই না।

আরও পড়ুন:

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বরত এক প্রিজাইডিং অফিসার, ভোটারের সংখ্যা বেশি থাকায় দ্রুত ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না। তাছাড়া অনেক বয়স্ক মানুষ আসছেন তাদেরকে সিড়ি দিয়ে উঠাতে নামাতে সময় লাগছে। কেউ যাতে ভোগান্তিতে না পড়ে, সেজন্য দ্রুত ভোট নেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাজশাহীতে ৬টি আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজশাহী জেলায় মোট ভোটার ১৯ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন, যেখানে পুরুষ ভোটার ৯ লাখ ৬৮ হাজার ৮১৭ জন এবং নারী ভোটার ৯ লাখ ৭৮ হাজার ৭৬০ জন।

এসএইচ