Recent event

টঙ্গীতে মরদেহের ৮ টুকরোর পর এবার মাথা উদ্ধার, গ্রেপ্তার ৩

বাসার বাথরুমের কার্নিশ থেকে উদ্ধার করা মাথা
বাসার বাথরুমের কার্নিশ থেকে উদ্ধার করা মাথা | ছবি: এখন টিভি
0

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অলি মিয়া নামের যুবককে হত্যা ও মরদেহ ৮ টুকরো করার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। পরে আজ (শনিবার, ৯ আগস্ট) বিকেলে টঙ্গীর বনমালা রোডের একটি বাসার বাথরুমের কার্নিস থেকে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

এর আগে ক্লুলেস এ হত্যা মামলার মূল হোতাসহ ২ জনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বিকেলে র‍্যাব-১ এর অধিনায়ক কর্ণেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে বাপ্পি নামে আরও একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদের পর টঙ্গীর বনমালার একটি বাসা থেকে ভুক্তভোগীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

গেল শুক্রবার সকালে টঙ্গীতে সড়কের পাশে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে ওই ব্যক্তির মরদেহের ৮ টুকরো উদ্ধার করা হয়। পরে মরদেহের আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। নিহত যুবকের নাম মো. অলি। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাষ্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে। গাজীপুরের আজমিরি পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এএইচ